রাজশাহী, ২৯ জুলাই, রেডটাইমসবিডি ডটকম:
পুঠিয়া উপজেলা ছাত্রদল নেতা আতাউর রহমান নুহুর হত্যাকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট নাদিম মোস্তাফা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির, কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মতিউর রহমান মন্টু, জেলা বিএনপির সহ সভাপতি মামুন অর রশিদ মামুন, পুঠিয়া উপজেলা বিএনপি সভাপতি সোবাহান সরকার, নিহত নুহুর স্ত্রী নিলুফা ইয়াসমিন নিলা, ২ বছরের শিশু কন্যা নুসরাত জাহান তিশা ও মা সাহেরা খাতুন প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পিতা দাউদ হোসেন হত্যাকান্ডে পুলিশের দেয়া চার্জশীটের বিরুদ্ধে নারাজী দিয়ে কয়েকজন আসামীর বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকেই নুহুকে হত্যার হুমকি দেয়া হত।
চার্জশীট থেকে আসামীদের নাম বাদ দেয়া না হলে তাকেও তার পিতার পথ অনুসরন করতে হবে। আর এভাবেই প্রকাশ্যে ঘোষনা দিয়ে গত ২২ জুলাই আতাউর রহমান নুহুকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলা করতে গেলে স্থানীয় এমপির ভাইয়ের নাম থাকায় পুঠিয়া থানা পুলিশ মামলা নিতে বিলম্ব করে।
মামলা দায়েরর পর পুলিশ নুহুর হত্যাকারীদের গ্রেফতার না করে বিএনপি নেতা কর্মীদের হয়রানী করছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বর্তমানে একটি নির্বাচিত সরকার তাদের সাংবিধানিক দায়িত্ব হিসেবে এই হত্যাকান্ডের বিচারের ব্যবস্থা করবে।
অন্যথায় উদ্ভুত পরিস্থিতির সকল দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। আওয়ামীলীগ সারাদেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। সারাদেশে গুমহত্যা গুপ্তহত্যা বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি হামলা মামলায় সারাদেশ একটি বন্দীশালায় পরিনত হয়েছে।
সরকার সাংবিধানিক শাসন ছেড়ে ইচ্ছাতান্ত্রিক শাসন পরিচালনা করছে। সংবাদ সম্মেলন থেকে আগামী ৭ আগষ্ট উপজেলা হেড কোয়ার্টারে আতাউর রহমান নুহু হত্যাকান্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষনা দেয়া হয়।
রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি