মানিকগঞ্জ,জুলাই ২৯,রেডটাইমস বিডি ডটকম
প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী প্রদানের বিষয়ে মানিকগঞ্জে দাখিলকৃত মামলার শুনানী হয়েছে।
আজ দুপুরে দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান আনীত অভিযোগের বিষয়টি আমলে না নিয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাজেদ খান এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২৫জুলাই ঢাকার মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ সমাবেশে ব্যারিষ্টার রফিকুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বলেছেন, ‘‘আপনার বাবার যে পরিণতি হয়েছে, আপনার পরিণতিও একই হতে পারে।
একই সমাবেশে শাহ মোয়াজ্জেম হোসেনও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বলেছেন “এক দলীয় ব্যবস্থা কায়েম করায় আপনার বাবা আল্লাহর নির্দেশে উপরে চলে গেছেন। আপনি আপনার বাবার পরিণতির কথা চিন্তা করুন ”।
পরের দিন এই খবর দৈনিক জনকষ্ঠে প্রকাশিত হলে বাদির দৃষ্টি গোচর হয়। বাদি মামলায় উল্লেখ করেছেন, আসামীরা পরস্পর যোগসাজসে এক যোগে একই উদ্দেশ্যে ষড়যন্ত্র মূলকভাবে জাতির জনকের জ্যৈষ্ঠ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যোগ গ্রহন করেছেন।
এই মামলায় স্বাক্ষী করা হয়েছে দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্ল্হা খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, নির্বাহী সম্পাদক স্বদেশ রায় ও প্রকাশিত সংবাদের প্রতিবেদককে।
মামলার বাদি মাজেদ খান এবং আইজীবী এ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন এই আদেশে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, আদালতের উক্ত আদেশের প্রেক্ষিতে সিংগাইর থানা প্রয়োজন মনে করলে মামলা রজ্জু করে আসামীদের গ্রেফতার করতে পারে।
রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি