সোনালী আম্র-মুকুলে শোভিত রায়গঞ্জ
|
|
রায়গঞ্জ, মার্চ ৫, রেডটাইমস বিডি ডটকম ".. ..ফাগুণে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায় হায়রে.. .. ।"কবিগুরুর বিখ্যাত গান আমাদের জাতীয় সঙ্গীতের এই চরণটির সশৌরভ উপস্থিতি এখন রায়গঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকার আম-বাগিচা আর গৃহস্থের আম্রকুঞ্জ ঘেরা বাড়ির আঙ্গিনায়। ফুল ফুটেছে বাতাবী লেবু সহ মৌসুমী ফল-গাছেরও শাখায় শাখায়।
মৌ-পিয়াসী মৌমাছি আর পরাগায়নের স্বেচ্ছা-শ্রমের নবীন কীট পতঙ্গের আনো গোনায় মুখরিত এখন পল্লী প্রকৃতি। রায়গঞ্জে এমন পয়মন্ত আমগাছ একটিও নেই যার শাখায় এবার মুকুল নেই।
সরেজমিন ঘুরে দেখাগেছে, এলাকার প্রতিটি প্রাপ্তবয়স্ক আমগাছে ব্যাপকহারে মুকুল ধরেছে। মকুলের বাহারে কোন কোন গাছের পাতা পর্যন্ত দেখা যাচ্ছেনা। উপজেলার সিমলা গ্রামের কৃষক আব্দুস সাত্তার বললেন, ‘চারকুড়ি বচ্ছর বয়স হ্যোলো বাপু, আমগাছে এ্যামুন মৌলের (মুকুল)বাহার এ্যার আগে দেহি নাই কুনোদিন’।
ময়মুরুব্বিরা কয় যে বার আম ভাল হয়, সেবার ধানও ভাল হয়। খুউব কষ্ট কোর্যা এবার ্যাত লাগাইচি (রোপন) ; আল্লায় দিলি এবার ধানও ভালো হোবো।’
দাথিয়া দিগর গ্রামের সৌখিন আমবাগান মালিক এনসিডিপি সদস্য আমজাদ হোসেন জানালেন, তার বাগানে গোপালভোগ, ফজলি, রিসা, লেঙ্গরা, হাড়িভাঙ্গা, হিমসাগর, গোবিন্দভোগ, সূর্যপুরী,মল্লিকা ও আম্রপালিসহ উন্নতমানের ২০জাতের ৩১টি আমগাছ রয়েছে।
এগুলোতে ৪/৫বছর যাবত আম ফলছে। তার বাড়ির আঙ্গিনায় পিতৃ-পুরুষের রোপন করা আমগাছ আছে আরো ৮টি। জন্ম থেকেই তিনি দেখছেন পালি দিয়ে আমের ফলন হয়ে থাকে। কোন বছর আমের মুকুল ফোটে অধিকাংশ গাছে, কোন বছর অধিকাংশ গাছে আসেনা। এবার তার সবগুলো আমগাছেই ব্যাপকহারে মুকুল এসেছে। তার ৫৬বছর বয়সে তিনি এমনটি এর আগে দেখেননি বলে জানালেন।
দেখাগেল, এলাকার কোন কোন স্থানে আগাম মুকুল ফোটা কিছু সংখ্যক আমগাছে আমের গুটি ধরতে শুরু করেছে। এলাকার দামাল শিশুরা কড়িকাঁচা আম খাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঝিনুক ঘষে ‘ন্যাচারাল কাটার’ বানিয়ে।
মেলা থেকে কেনা পাতামের (নিুমানের লোহা) চাকু কোমরে গুঁজে আমবাগিচায় টহল দিচ্ছে কেউ। কেউ কেউ দিন গুনছে কবে মজা করে কুনুই ভিজিয়ে আম খাওয়া যাবে সেইণটির। কবির কবিতার অবিকল দৃশ্যপট প্রকৃতি যেন এঁকে দিয়ে গেছে রঙ-তুলির আঁচড়ে রায়গজের বাগানে বাগানে।
উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে রায়গঞ্জে মোট আমবাগানের সংখ্যা তারা বলতে পারেননি। তবে অতিরিক্ত কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, এবার রেকর্ড পরিমাণ আমের ফলন হবে বলে আশা করছেন তারা। বালাই ব্যবস্থাপনা সহ প্রয়োজনীয় পরামর্শ আমচাষীদের ইতোমধ্যেই দেয়া হয়েছে বলে তিনি জানান। রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/আর এস
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|