ঢাকা, ২২ জুলাই, রেডটাইমস বিডি ডটকম:
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৮০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
এই টেস্টের পরই অবসরে যাবেন মুরালি তাই ক্যারিয়াবের শেষ ও ১৩৩ তম সেস্টে তিনি এই রেকর্ড গড়লেন।
১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার স্পিনার শেন ওর্য়ান।
এর আগে ভারতের বিপক্ষে বিদায়ী টেস্ট ম্যাচে ৭৯২ উইকেট নিয়ে মাঠে নেমেছিলেন মুত্তিয়া মুরালিধরন। আর আটটি উইকেট নিয়ে ৮০০ উইকেটের মাইলফলক পূর্ণ করতে পারবেন কি না সেই দিকেই তাকিয়ে ছিল ক্রিকেট বিশ্ব।
অবশেষে সব উদ্বেগ-উত্কণ্ঠার অবসান ঘটিয়ে ৮০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন শ্রীলঙ্কার এই স্পিন জাদুকর।
টেস্ট শুরুর আগে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, মুরালিকে সহজে ৮০০ উইকেট পেতে দেবে না ভারতীয় ব্যাটসম্যানরা।
কিন্তু গল টেস্টে ভারতের ব্যাটিং নয়; বরং মুরালির ৮০০ উইকেট পাওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। প্রথম দিনে খেলা হয়নি ২২ ওভার। দ্বিতীয় দিনে মাঠেই গড়ায়নি খেলা।
তৃতীয় দিনে বল হাতে মাঠে নেমে শচীন টেন্ডুলকারকে আউট করে স্বপ্নপূরণের পথে প্রথম ধাপটি দিলেন মুরালি। চতুর্থ দিনে মুরালি আরও চারটি উইকেট নিলে ফলোঅনে পড়ে যায় ভারত। ভারতের দ্বিতীয় ইনিংসের আরও একটা উইকেট নিয়ে ৭৯৮ উইকেট নিয়ে চতুর্থ দিন শেষ করেন মুরালি।
চতুর্থ দিন শেষে মুরালির দরকার ছিল আর মাত্র দুটি উইকেট। পঞ্চম দিনে হরভজন সিং আর প্রজ্ঞান ওঝাকে আউট করে শেষ পর্যন্ত স্পর্শ করেন ৮০০ উইকেটের মাইলফলক।
রেডটাইমস বিডি ডটকম/ ই এইচ/ আই এইচ/ এস ডি